বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, এক ঘণ্টা দেরিতে সকাল সাড়ে ১০টার দিকে তার ফ্লাইট ঢাকায় পৌঁছাবে। ঢাকায় পৌঁছে অসুস্থ শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে তিনি লন্ডনে ফিরবেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের বিষয়টি জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মধ্যরাতের পর বা শুক্রবার সকালে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাত্রাপথে কোনো জটিলতা দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স বিমানে বিশেষজ্ঞ চিকিৎসক দল, বিদেশি চিকিৎসক এবং ‘অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানরা’ সঙ্গে থাকবেন।
বিএনপির প্রেস উইং জানায়, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় পরিবর্তন না এলেও চিকিৎসকেরা তাকে ‘স্থিতিশীল’ হিসেবে মূল্যায়ন করেছেন। ইতোমধ্যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে মেডিকেল দলে যোগ দিয়েছেন।
গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণে ‘সংকটাপন্ন’ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে কিডনি, হৃদরোগ ও নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতায় তার চিকিৎসা চলছে। অবস্থার অবনতি হওয়ায় ১ ডিসেম্বর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কাজ করছে।



















