ভারতের উপকূলের দিকে দ্রুত অগ্রসর হওয়া ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’কে কেন্দ্র করে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড়ের আগাম প্রভাবে এসব অঞ্চলে দমকা হাওয়া ও ভারী বৃষ্টি শুরু হওয়ায় চেন্নাই বিমানবন্দর বাতিল করেছে ৫৪টি ফ্লাইট।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, রোববার দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করে ঘূর্ণিঝড়টি তামিলনাডু, পুদুচেরি ও সংলগ্ন অন্ধ্র উপকূলের কাছ দিয়ে অতিক্রম করবে। উপকূলজুড়ে বাতাসের গতি ঘণ্টায় ৭০–৮০ কিলোমিটার, ঝোড়ো হাওয়ায় তা ৯০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
তামিলনাডুর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেছেন, ঘূর্ণিঝড়টি সরাসরি চেন্নাই উপকূলে আঘাত করবে কি না নিশ্চিত নয়, তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন।
আইএমডি প্রধান জানান, বড় ক্ষতির আশঙ্কা না থাকলেও কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। কেরালাতেও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
উপকূলীয় জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি



















