পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি করার ছবি–ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক সামনে থাকা প্রতিপক্ষের দিকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে অনুসন্ধান করে জানা গেছে, ওই যুবকের নাম তুষার মণ্ডল। তিনি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়ার তাহের মণ্ডলের ছেলে এবং পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের সহচর হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে তিনি জামায়াতের সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত।
বিএনপি প্রার্থী ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব অভিযোগ করে বলেন, দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি করেছে জামায়াতের কর্মী তুষার মণ্ডল। তিনি তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের সন্ত্রাসী বলে দাবি করেন।
তবে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল সংবাদ সম্মেলনে দাবি করেন, ভাইরাল হওয়া অস্ত্রধারী যুবক তাদের দলের কেউ নন। তিনি বলেন, “আমি তাকে চিনি না; তিনি জামায়াতের কর্মী নন।”
ঈশ্বরদী থানার ওসি আ.স.ম. আব্দুন নূর জানান, বিভিন্ন সূত্রে যুবকের পরিচয় তাদের কাছে এসেছে এবং বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড় এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুলি, ভাঙচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন


















