ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, আইন অনুযায়ী নাশকতাকারীদের রাজধানীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তৎপর পুলিশ।
বৃহস্পতিবার রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে জনগণের স্বার্থে কাজ করতে হবে; কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি পক্ষপাত দেখানো চলবে না।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বল প্রয়োগে পুলিশ দ্বিধা করবে না। থানা এলাকায় অপরাধ প্রতিরোধে টহল বৃদ্ধি করার নির্দেশও দেন ডিএমপি কমিশনার।



















