সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে, আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে। কিন্তু দলগুলো সহযোগিতা না করলে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।
বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইসি পোস্টার নিষিদ্ধ করলেও পুরো শহর এখনো পোস্টারে ঢেকে আছে—এটি অনভিপ্রেত। দলগুলো যদি নিজেরাই পোস্টার সরিয়ে ফেলে, তবে সেটিই হবে দায়িত্বশীল আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনো ছাড় দেবে না।
বিশেষ পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের কথা উল্লেখ করে সিইসি জানান, বিশেষ সরকারের অধীনে কাজ করতে গিয়ে নানা চাপের মুখে রয়েছে কমিশন। তাই আগের চেয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আরও বেশি প্রয়োজন।



















