ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পরও গাজা উপত্যকায় দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল, জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ভেরিফাই।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় পুরো পাড়া এক মাসেরও কম সময়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ভবন বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা হয়েছে।
বিবিসি ভেরিফাই জানিয়েছে, কিছু এলাকা থেকে স্যাটেলাইট ছবি সংগ্রহ সম্ভব হয়নি, ফলে আসল ধ্বংসের পরিমাণ আরও বেশি হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সম্পন্ন যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, তারা এখনও ‘যুদ্ধবিরতির কাঠামোর মধ্যেই’ কাজ করছেন।
সূত্র: বিবিসি



















