ফরিদপুরের ভাঙ্গায় পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রলবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের একটি খালি বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন: টাঙ্গাইলের রাজ ইসলাম (২২), চাঁদপুরের রাকিব মোল্লা (২৫) ও সুনামগঞ্জের জুয়েল রানা (২২)। পুলিশ জানায়, সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়িতে এসব বোমা ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে বোমা তৈরি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তিন যুবককে সরঞ্জামসহ আটক করা হয়েছে, একজন পালানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়েছে।”
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



















