ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন আগ্রাসন মোকাবেলায় রাশিয়া, চীন ও ইরানের কাছে প্রতিরক্ষা শক্তি জোরদারের জন্য সহায়তা চেয়েছেন। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাদুরো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি পাঠিয়ে রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান মেরামত ও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সরবরাহে সহায়তা চেয়েছেন। রাশিয়ার হাতে চিঠি পৌঁছেছে মাদুরোর একজন সিনিয়র সহকারী মাধ্যমে।
মাদুরো চীনের কাছ থেকেও দ্রুত রাডার শনাক্তকরণ ব্যবস্থা তৈরি করার আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের “আগ্রাসন” নিয়ে উদ্বেগ প্রকাশ করে এটিকে কেবল ভেনেজুয়েলার বিরুদ্ধে নয়, চীনের মতো মতাদর্শযুক্ত দেশগুলোর বিরুদ্ধে পদক্ষেপ হিসেবেও দেখেছেন।
ইরানকেও ভেনেজুয়েলা প্যাসিভ ডিটেকশন ইকুইপমেন্ট, জিপিএস স্ক্র্যাম্বলার ও এক হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম ড্রোন সরবরাহের অনুরোধ জানিয়েছে। সম্প্রতি ইরান থেকে ভেনেজুয়েলার পরিবহনমন্ত্রী রামন সেলেস্তিনো ভেলাসকেজ একটি সামরিক সরঞ্জাম ও ড্রোন চালান দেশে এনেছেন।
মাদুরো ২০১৩ সালে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, তারা মাদক পাচার রোধ অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলা উপকূলের নৌযানগুলোতে হামলা চালিয়েছে, তবে মাদুরো ও ভেনেজুয়েলা এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ক্রেমলিনও জানিয়েছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে সম্মান করা হবে এবং আন্তর্জাতিক আইনের মধ্যেই বিষয়টি সমাধান হওয়া উচিত।
মাদুরো চিঠিতে রাশিয়ার সাহায্যে আকাশ প্রতিরক্ষা শক্তি জোরদার করার পাশাপাশি রুশ সুখোই যুদ্ধবিমানের পুনর্গঠন, রাডার ও ক্ষেপণাস্ত্র মেরামত, এবং লজিস্টিক সহায়তা চেয়েছেন। তিনি তিন বছরের জন্য মধ্যম মেয়াদি অর্থায়ন পরিকল্পনাও প্রস্তাব করেছেন।
বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার অস্ত্রভাণ্ডার বড় অংশই পুরোনো ও অচল, এবং রাশিয়ার তৈরি সুখোই যুদ্ধবিমানের মধ্যে পাঁচটিরও কম সচল রয়েছে।
ভেনেজুয়েলার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র–ক্যারিবীয় অঞ্চলের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির প্রতিরক্ষা শক্তি জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখানো হচ্ছে



















