রাশিয়ার উরাল অঞ্চলের চেলিয়াবিনস্কে একটি গোলাবারুদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর আলেক্সেই টেক্সলার এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার রাতে কোপেইস্ক জেলায় বিস্ফোরণের পর পুরো এলাকা কেঁপে ওঠে। যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, কারখানাটিতে বিশাল আগুনের বলয় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল কাজাখস্তান সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।
গভর্নর টেক্সলার জানান, এখনো ১০ জন কর্মীর খোঁজ পাওয়া যায়নি, এবং উদ্ধারকাজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলেছে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন—“এটি কোনো ড্রোন হামলা ছিল না।”
যে কারখানায় বিস্ফোরণ ঘটে, সেখানে রুশ সামরিক বাহিনীর জন্য বিস্ফোরক পদার্থ তৈরি ও পুনঃপ্রক্রিয়াজাত করা হতো। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
শুক্রবার পুরো অঞ্চলজুড়ে শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং ঘটনার তদন্তে ফৌজদারি মামলা শুরু করেছে কর্তৃপক্ষ।
বিবিসি ভেরিফাই জানিয়েছে, তারা বিস্ফোরণের দুটি ভিডিও শনাক্ত করেছে—একটি সিসিটিভি ফুটেজ, আরেকটি গাড়ি থেকে ধারণকৃত ভিডিও, যেখানে বিশাল আগুনের গোলা দেখা যায়।


















