গাজা অভিমুখী ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টির মধ্যে ৪৩টি নৌযান আটক করেছে ইসরায়েলি সেনারা। বহরে ছিলেন প্রায় ৫০০ জন অংশগ্রহণকারী, যাদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক এবং সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা ও নৌ-অবরোধ ভাঙার উদ্যোগ ব্যর্থ করা হয়েছে। আটক ব্যক্তিদের নিরাপদে ইসরায়েলে নিয়ে গিয়ে পরবর্তীতে ইউরোপে ফেরত পাঠানো হবে।
ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, কেবল একটি জাহাজ এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে আছে। তবে সেটি অবরোধ ভাঙার চেষ্টা করলে আটক করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।
ইতোমধ্যে আটক জাহাজগুলো আশদোদ বন্দরে পৌঁছেছে, যা গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। এই বৈশ্বিক মানবিক উদ্যোগের আয়োজকরা ইসরায়েলের পদক্ষেপকে ‘মানবিক প্রচেষ্টা ভণ্ডুলের অপচেষ্টা’ বলে অভিহিত করেছেন।
সূত্র: সিএনএন



















