বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন শুধু কথার ফুলঝুরি দিয়ে রাজনীতি করা যাবে না। দেশ পরিচালনার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনা, যা শ্রমিক, কৃষকসহ দেশের সকল স্তরের মানুষের অধিকার এবং নাগরিক ও সাংবিধানিক অধিকারের প্রতি গুরুত্ব দেবে।
তিনি বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনা জরুরি হলেও তা না হওয়ায় দেশ পিছিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের সাথে জনগণের সেতুবন্ধনহীনতার কারণে প্রশাসন, আইনশৃঙ্খলা ও ব্যবসা কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে না।
বিনিয়োগ পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, নতুন বিনিয়োগ না আসার পেছনে রয়েছে আস্থার অভাব। যদিও সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে নতুন কোনো বিনিয়োগ হয়নি, নির্বাচনের ঘোষণার পর থেকে কিছু বিনিয়োগকারীর মধ্যে সচলতা দেখা গেছে।
আমীর খসরু বলেন, গত ১৫-১৬ বছরে একগোষ্ঠীর আধিপত্যে বাজার ব্যবস্থার অবনতি হয়েছে। তাই বিএনপি ‘অর্থনীতির গণতন্ত্রায়ন’ স্লোগান নিয়ে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, রাজনীতিতে গণতন্ত্র হলেও অর্থনীতি কেবল কয়েকজনের দখলে থাকলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরে তিনি জানান, বিএনপি স্বাস্থ্য ও শিক্ষায় জিডিপির পাঁচ শতাংশ পর্যন্ত বাজেট বরাদ্দের কথা ভাবছে, যা বর্তমানে মাত্র এক শতাংশ। এই বিনিয়োগ দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বিএনপি জুলাই অভ্যুত্থানকে দেশের মানুষের অর্জন হিসেবে আখ্যায়িত করে অতীত নিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন।



















