কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, যা এ যাবতকালের সর্বোচ্চ দান। ৪ মাস ১৮ দিনে মসজিদের ১৩টি দানবাক্সে এই অর্থ জমা পড়ে। আগেরবারের তুলনায় এবার প্রায় ২ কোটি ৯২ লাখ টাকা বেশি সংগ্রহ হয়েছে। নগদের পাশাপাশি বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপাও পাওয়া গেছে।
শনিবার সকাল সোয়া ৭টায় দানবাক্স খোলার পর মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে গণনা শুরু হয়। প্রায় ৫ শতাধিক গণনাকারীর অংশগ্রহণে দিনভর টাকা গণনা শেষে রাত ৮টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
গণনায় অংশ নেয় স্থানীয় দুটি মাদ্রাসার শতাধিক ছাত্র, রূপালী ব্যাংকের কর্মকর্তারা, মসজিদের স্টাফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সার্বিক নিরাপত্তায় ছিল পুলিশ ও সেনাবাহিনী।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, দানকৃত অর্থ থেকে মসজিদ-মাদ্রাসা, অসহায় ও রোগীদের সহায়তা করা হয়। পাশাপাশি ১০ তলাবিশিষ্ট আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে থাকবে শিক্ষা, গবেষণা ও জনকল্যাণমূলক সুবিধা।
বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে প্রায় ৯০ কোটি টাকার বেশি জমা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


















