আওয়ামী লীগের হিংসা, বিদ্বেষ ও দমন-পীড়নের রাজনীতি প্রত্যাখ্যান করে আগামী দিনে শান্তি ও ধৈর্যের ভিত্তিতে রাজনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, কারণ ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। আওয়ামী লীগ তাদের কুকর্মের জন্য জনসমর্থন হারিয়েছে, তবুও অনুশোচনা না করে পরাশক্তির সহায়তায় ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে, যা কখনো সফল হবে না।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীকে রূপগঞ্জ ও পূর্বাচল উপশহরের স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করে ড. মঈন খান বলেন, একসময় স্থানীয়রা পূর্বাচল প্রকল্পের বিরোধিতা করেছিলেন, কিন্তু এখন এটি ঘিরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। দুঃখের বিষয়, স্থানীয় কোনো স্থাপনায় মতিন চৌধুরীর নাম বা স্মৃতি সংরক্ষিত নেই।
তিনি অভিযোগ করেন, শেখ পরিবার মুক্তিযুদ্ধের চেতনা জিম্মি করে অর্থ পাচার ও লুটপাট করেছে, পরিবারতন্ত্র কায়েম করে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে মানুষের অধিকার ফিরিয়ে দেবে, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।
ড. মঈন খান জোর দিয়ে বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না; বরং সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলাই দলের লক্ষ্য। অতীতের মতো ভবিষ্যতেও নীতির সাথে আপোষ না করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করবে বিএনপি।
স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। এছাড়া জেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















