বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করেছেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে সমাবেশে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা বিভাজন কোনোভাবেই গড়ে উঠতে দেবেন না। আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, কিন্তু অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন সম্ভব নয়।”
সমাবেশে তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে একাত্ম থাকার আহ্বান জানান।
ফখরুল বলেন, “ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী ছিলেন এবং এই এলাকার মানুষের জন্য অবদান রেখেছেন। এবার তাঁর ভাই শরিফ উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত করেছেন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতে হবে।”
এর আগে তিনি ফাজিলপুর গোরস্থানে ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর তিনি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।


















