অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদল। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান।
সাক্ষাতে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করে। প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলকে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
অধ্যাপক ইউনূস বলেন, “আপনারা এমন এক সময়ে বাংলাদেশে এসেছেন, যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণ নেতৃত্বের আন্দোলনের ফলেই এই পরিবর্তন এসেছে।” তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনকেই সংকটের একমাত্র টেকসই সমাধান হিসেবে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক সহায়তা হ্রাসে উদ্বেগ জানান।
সিনেটর সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা ইস্যুতে কানাডার অব্যাহত সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানান তার মানবিক উদ্যোগ ও কূটনৈতিক প্রচেষ্টার জন্য।
প্রতিনিধিদলে সংসদ সদস্য সালমা জাহিদ, সামির জুবেরি, এবং মানবিক সংস্থার বিভিন্ন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন



















