অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজেদের আখের গোছাচ্ছেন, কিন্তু শিক্ষকদের বেতন–ভাতা বাড়াতে সরকারের অর্থ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
রবিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আজ দেশের শিক্ষাব্যবস্থা ও জনগণের বিপক্ষে দাঁড়িয়ে গেছেন। ৩০০ কোটি টাকায় গাড়ি কেনা সম্ভব, কিন্তু শিক্ষকদের জন্য টাকা নেই।”
তিনি অভিযোগ করেন, “শিক্ষাব্যবস্থা ধ্বংসের দায় শেখ হাসিনার সময় শুরু হলেও, বর্তমান সরকারও তার ধারাবাহিকতা বজায় রাখছে। শিক্ষা কমিশন গঠন না করা শিক্ষাখাতের প্রতি সরকারের অনীহার প্রমাণ।”



















