জাতিসংঘ সাধারণ অধিবেশনের ভাষণে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অভিযোগ করেছেন, ইসরায়েলের ধারাবাহিক হামলা তার দেশ ও অঞ্চলকে ঝুঁকির মুখে ফেলছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) কয়েক দশক পর প্রথমবারের মতো কোনো সিরীয় প্রেসিডেন্ট জাতিসংঘের কূটনৈতিক সপ্তাহে ভাষণ দিলেন।
শারা বলেন, আসাদ সরকারের পতনের পর ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে, যা নতুন করে যাত্রা শুরু করা সিরিয়ার ভবিষ্যত ক্ষতিগ্রস্ত করছে। তিনি সতর্ক করেন, রক্তপাতের দায়ীদের বিচারের আওতায় আনা হবে।
সিরীয় প্রেসিডেন্ট জানান, দেশটি ১৯৭৩ সালের অস্ত্রবিরতি ও ১৯৭৪ সালের বাহিনী প্রত্যাহার চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইসরায়েলি আগ্রাসন আন্তর্জাতিক সহযোগিতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শারার বক্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস জানায়, যেকোনো চুক্তি কেবল ইসরায়েলের স্বার্থ নিশ্চিত করলেই কার্যকর হবে।



















