মধ্যপ্রাচ্যের দেশ ইরান–এর বিভিন্ন শহরে সরকারপন্থী সমাবেশে প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র প্রদর্শনের ঘটনা সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি–এর খবরে বলা হয়, রাজধানী তেহরান–এর একটি প্রধান চত্বরে আয়োজিত সমাবেশে ‘গদর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ডেথ টু আমেরিকা’ স্লোগান দেন এবং আইআরজিসি–এর এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি–কে প্রশংসা করে তেল আবিবের দিকে হামলার আহ্বান জানান।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জনবহুল এলাকা ও আবাসিক অঞ্চলের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তেহরানের আরেকটি চত্বরে ‘খোররামশাহর-৪’ নামের আরও একটি ক্ষেপণাস্ত্রও প্রদর্শন করা হয়।
শুধু রাজধানী নয়, শিরাজ, তাবরিজ এবং জাঞ্জানসহ বিভিন্ন শহরেও একই ধরনের প্রদর্শনীর খবর পাওয়া গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিদিনই এসব সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশটির শীর্ষ কর্মকর্তারাও অংশ নিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রদর্শন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।



















