হঠাৎ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে সারাদেশে লোডশেডিং বেড়ে গেলেও সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সিলেটের মানুষ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নগরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
তীব্র গরমে বিদ্যুৎহীন নগরবাসীর দুর্ভোগ চরমে উঠেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, এ সংকট সাময়িক এবং আগামী ২-৩ দিনের মধ্যে পরিস্থিতি উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
পিডিবির সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, নগরের বিদ্যুতের চাহিদা বর্তমানে ৪০ মেগাওয়াটের বেশি হলেও সরবরাহ মিলছে মাত্র ২৫ দশমিক ৩০ মেগাওয়াট। এর মধ্যে আম্বরখানা সাবস্টেশনে ১৩ মেগাওয়াট, শেখঘাটে ৯ মেগাওয়াট এবং লাক্কাতরায় মাত্র ৩ দশমিক ৩ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হচ্ছে।
সিলেট পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, “জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম থাকায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক হলেই পরিস্থিতি উন্নত হবে।”



















