নব্বইয়ের দশকে বলিউডের সবচেয়ে চর্চিত ও সফল পরিচালক-অভিনেত্রী জুটিগুলোর অন্যতম ছিল রাম গোপাল ভার্মা এবং ঊর্মিলা মাতন্ডকর। বহু বছর পার হয়ে গেলেও তাঁদের মধ্যকার চর্চিত ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সিনেপাড়ায় কৌতুহলের শেষ নেই। সম্প্রতি এক জ্যেষ্ঠ বিনোদন সাংবাদিকের বিস্ফোরক দাবির পর সেই পুরনো গুঞ্জন নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। দাবি করা হচ্ছে, রাম গোপাল ভার্মা ও ঊর্মিলা নাকি একসময় গোপন একটি মন্দিরে গিয়ে নিঃশব্দে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন!
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সাথে এক সাক্ষাৎকারে প্রবীণ চলচ্চিত্র সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ এই চমকপ্রদ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, সেই সময় টলিউড মেগাস্টার চিরঞ্জীবী তাঁকে প্রথম এই গোপন বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন, এমনকি তিনি যে মন্দিরে বিয়েটি অনুষ্ঠিত হয়েছিল সেখানকার পুরোহিতের ফোন নম্বরও দেন যাচাই করার জন্য। ভেঙ্কটেশের বক্তব্য অনুযায়ী, ঊর্মিলা এই বিয়ে ও সম্পর্কের বিষয়টি জনসমক্ষে প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু রাম গোপাল ভার্মা এতে সম্মতি দেননি। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ঊর্মিলা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং আরজিভি সংক্ষেপে মন্তব্য এড়িয়ে যান। ‘রঙ্গিলা’, ‘সত্য’, ‘ভূত’ ও ‘পেয়ার তুনে ক্যায়া কিয়া’-র মতো কালজয়ী সব চলচ্চিত্র উপহার দেওয়া এই জুটির সম্পর্ক সিনেমা প্রেমীদের কাছে আজও রহস্য ঘেরা। উল্লেখ্য, পরবর্তীতে ২০১৬ সালে ঊর্মিলা ব্যবসায়ী মোহসিন আখতার মীরকে বিয়ে করলেও সম্প্রতি তাঁদের বিচ্ছেদের খবর উঠে আসে।


















