চাঁদাবাজি মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “চাঁদাবাজ যেই হোক, যত প্রভাবশালী হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আগস্ট মাস থেকে—এমন তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন, “এক ব্যাচ প্রশিক্ষণে যাবে, আরেক ব্যাচ দায়িত্বে থাকবে। এভাবে রোটেশনাল পদ্ধতিতে নির্বাচন পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।”
এসপি ও ওসিদের পদে রদবদলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এসপি বা ওসিদের পোস্টিং বা পরিবর্তন একটি নিয়মিত প্রক্রিয়া। এটি ধারাবাহিকভাবে চলবে, যেমনটি সবসময় হয়ে থাকে।”
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের প্রসঙ্গ টেনে জাহাঙ্গীর আলম বলেন, “আমরা মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নিচ্ছি। কক্সবাজারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সদস্যরা গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পর্যালোচনা করেছেন। এরই মধ্যে কিছু ইতিবাচক ফল দেখা যাচ্ছে—মাদক জব্দের পরিমাণ বেড়েছে।”
তিনি বলেন, “যদিও মাদক বহনকারীদের ধরা সম্ভব হচ্ছে, কিন্তু মূল হোতারা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। তবে আমরা গডফাদারদের ধরতে এবং গোড়া থেকে মাদক নির্মূল করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”



















