ভারতের কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। শনিবার রাতে প্রবল বৃষ্টির মধ্যে মণ্ডপে অতিরিক্ত ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উত্তর কলকাতার চোরাবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।
আনন্দবাজার পত্রিকা মেডিক্যাল কলেজের একটি সূত্রের বরাত দিয়ে ১৭ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কলকাতা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে গিরিশ পার্ক থানার আওতাধীন সারদা পার্কের চোরাবাগান পূজামণ্ডপের বের হওয়ার গেটে এ পদদলনের ঘটনা ঘটে। সে সময় বৃষ্টি হচ্ছিল এবং সেখানে প্রচণ্ড ভিড় ছিল। আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পূজামণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়।
বার্তা সংস্থা এএনআইকে এক প্রত্যক্ষদর্শী জানান, পদদলনের ঘটনায় অনেক মানুষ জ্ঞান হারান। তাঁদের মধ্যে কয়েকজনকে মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়। আরেক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ ছিল অত্যন্ত সংকীর্ণ। দুর্ঘটনাস্থলের ওই অংশে পর্যাপ্ত আলোকসজ্জাও ছিল না বলে তিনি দাবি করেন।
ঘটনার পর কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি এই কঠিন সময়ে আহতদের পরিবারের সদস্যদের সাহস ও শক্তি দেওয়ার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা ও এএনআই।


















