শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডিওন ক্যামেরার মাধ্যমেও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, দুর্গাপূজা ঘিরে নাশকতা বা ভীতি সৃষ্টির বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও প্রস্তুত রয়েছে। এ ধরনের অপচেষ্টা চালানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর নয়টি বড় পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মিলিয়ে ৫০ জন করে দায়িত্ব পালন করবেন।
প্রতিটি পূজামণ্ডপের সিসি ক্যামেরা ডিএমপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ইনচার্জদের বডিওন ক্যামেরার মাধ্যমেও সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে জানিয়ে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।


















