বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ ও বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটো।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ সময় মারুবেনি করপোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। দুই পক্ষের আলোচনায় পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর বিষয়গুলো গুরুত্ব পায়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের অঙ্গীকার তুলে ধরেন।
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়লে প্রযুক্তিগত সহযোগিতা, শিল্পের বিকাশ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।


















