মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৬ ৮:০১ পূর্বাহ্ণ

Spread the love

বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান সংকট মোকাবিলায় গৃহীত পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। বৈঠকে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের অভ্যন্তরে তৈরি হওয়া সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং জ্বালানি সচিব মো. জিয়াউল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ

বৈঠকে এলপিজি আমদানিতে দীর্ঘমেয়াদি আমদানিনির্ভরতা কমানো, নতুন গ্যাসকূপ খনন এবং অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান জোরদারের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চলমান উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সরকার ২০৩০ সালের মধ্যে স্থলভাগে ১৫০টি গ্যাসকূপ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এরই মধ্যে ৩২টি কূপের ড্রিলিং ও ওয়ার্কওভার কাজ শেষ হয়েছে। এর মধ্যে ১৬টি কূপের ড্রিলিং এবং ১৬টির ওয়ার্কওভার সম্পন্ন হয়েছে। এসব কূপ থেকে মোট ২৮৫ দশমিক ৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস পাওয়া গেছে বলে পেট্রোবাংলার সর্বশেষ তথ্যে জানা গেছে।

এ ছাড়া বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্রেও ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছে পেট্রোবাংলা। এখন পর্যন্ত ১০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান দরপত্র ও তথ্য প্যাকেজ কিনেছে। আগামী ৩০ নভেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ সময়।

কয়লা ও সৌরবিদ্যুতে গুরুত্ব

জ্বালানি সংকটের মধ্যে নিজস্ব কয়লা ব্যবহারের ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, স্থানীয়দের সম্মতি পাওয়া গেলে দিনাজপুরের ফুলবাড়ীতে কয়লা উত্তোলনের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া বড়পুকুরিয়ায় নতুন করে ৩০০ একর এলাকায় কয়লা উত্তোলনের কাজ শুরু হয়েছে।

জয়পুরহাটের জামালগঞ্জেও কয়লা উত্তোলনের সম্ভাবনা রয়েছে। ফুলবাড়ী থেকে কয়লা উত্তোলনের ক্ষেত্রে স্থানীয় জনগণের আয়-রোজগার, বসতি ও পরিবেশের বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সমাধান নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে দ্রুত বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সৌরবিদ্যুতের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে রুফটপ সোলার ব্যবস্থা দ্রুত বাস্তবায়নযোগ্য একটি বিকল্প।

এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বাসভবন, জাতীয় সংসদ ভবন, সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও হাটবাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বড় শিল্পকারখানায় বেসরকারি উদ্যোগেও সৌর প্যানেল স্থাপন করা হচ্ছে। গ্রাহকের বাড়িতে উৎপাদিত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির সুযোগও রাখা হয়েছে।

এলএনজি সরবরাহে সংকট

বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ পরিস্থিতিও পর্যালোচনা করা হয়। বিশ্ববাজারে এলএনজি ও জ্বালানি তেলের উচ্চমূল্য এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আমদানিতে চাপ তৈরি হয়েছে।

এলএনজি আমদানির জন্য চারটি দেশের সঙ্গে বাংলাদেশের আটটি চুক্তি রয়েছে। এসব চুক্তির আওতায় চলতি বছরে ১০৩টি এলএনজি কার্গো আসার কথা থাকলেও প্রথম নয় মাসে এসেছে মাত্র ২১টি। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে চুক্তির অধিকাংশ কার্গো না আসায় সরবরাহ ঠিক রাখতে খোলাবাজার বা স্পট মার্কেট থেকে তুলনামূলক বেশি দামে এলএনজি কিনতে হয়েছে।

এ অবস্থায় সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এলএনজির উৎস বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ের নির্দেশ

বিদ্যুৎ সংকট মোকাবিলায় উৎপাদন বাড়ানোর পাশাপাশি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি অফিস ও দপ্তরে এসির তাপমাত্রা নির্দিষ্ট রাখা এবং অপ্রয়োজনীয় বাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা পর্যালোচনা করা হয়।

বৈঠকে সৌরবিদ্যুতের মাধ্যমে জাতীয় গ্রিডে আরও বেশি বিদ্যুৎ যুক্ত করার উপায় নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। সামগ্রিকভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান উদ্যোগ দ্রুত বাস্তবায়ন এবং সংকট মোকাবিলায় নতুন কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত