তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার (৪ অক্টোবর) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। ঘোষিত দাম আজ থেকেই কার্যকর হবে।
এদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম কার্যকর হওয়ায় বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি এবং যানবাহনের অটোগ্যাস কিনতে গ্রাহকদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে।

















