শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ

Spread the love

ইরানের সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও হামলা চালানোর সম্ভাবনা নিয়ে সহযোগীদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে ডব্লিউএসজে জানায়, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের আলোচকেরা সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে তেহরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করবে।

তবে মার্কিন কর্মকর্তারা ইরান ও মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। মার্কিন কর্মকর্তাদের ধারণা, অব্যাহত অর্থনৈতিক চাপের মুখে ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে চুক্তিতে যেতে পারে।

ডব্লিউএসজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় সাত মাস ধরে চলা সংঘাতের মধ্যে ট্রাম্প কূটনৈতিক উদ্যোগ, সামরিক পদক্ষেপ ও অর্থনৈতিক চাপ—বিভিন্ন উপায়ে ইরানের ওপর চাপ প্রয়োগ করেছেন। প্রকাশ্যে তিনি নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনার কথা বললেও, তেহরান শেষ পর্যন্ত তাঁর শর্ত মেনে পারমাণবিক কর্মসূচিতে পরিবর্তন আনবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নতুন সমঝোতার শর্তগুলো প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি গত জুনের প্রাথমিক চুক্তির শর্তে ফিরে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্যও প্রস্তুত থাকার কথা জানিয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং পারমাণবিক আলোচনা শুরুর একটি কাঠামো প্রস্তুত রয়েছে।

তবে ট্রাম্পের অবস্থান এবং ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের ফলে সংঘাতের অবসানে তাৎক্ষণিক কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে সম্ভাব্য ভবিষ্যৎ হামলার পরিসর বা সময় নির্দিষ্ট করা হয়নি। রয়টার্সও জানিয়েছে, তারা ডব্লিউএসজের এই প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত