কুমিল্লার দেবিদ্বারে এক যুবকের ধারালো অস্ত্রের হামলায় তার মা ও আট মাস বয়সী ভাতিজি নিহত হয়েছেন। এ সময় হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ওই যুবকের ভাবি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন অভিযুক্ত যুবক ইমনের মা পেয়ারা বেগম এবং তার আট মাস বয়সী ভাতিজি। হামলায় গুরুতর আহত হয়েছেন ইমনের ভাবি রাবেয়া বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ইমনকে (২৪) আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে তার মা পেয়ারা বেগমের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তিনি তার আট মাস বয়সী ভাতিজির ওপরও হামলা চালান।
এ সময় বাধা দিতে এগিয়ে গেলে ভাবি রাবেয়া বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং ইমনকে আটক করে রাখেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে পৌঁছে তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।


















