২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ফল দেখতে পারবেন। একই সঙ্গে আবেদনকারীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হচ্ছে।
একাদশ শ্রেণিতে ভর্তির ফল দেখতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধ করে নিজেদের নির্বাচন নিশ্চিত করতে হবে।
নিশ্চায়নের শেষ সময় ১৮ সেপ্টেম্বর
ভর্তি নিশ্চায়নের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে বলে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে জানানো হয়েছে।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে।
ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর
আগের সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ওই দিন ক্লাস শুরু করা সম্ভব হবে না।
এ কারণে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে। কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে।
যেভাবে হচ্ছে একাদশে ভর্তি
এর আগে ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এ কারণে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না।
অনলাইন আবেদনের ফি নির্ধারণ করা হয়েছিল ২২০ টাকা। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পেয়েছেন। আবেদনকারীদের পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছিল ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
নিশ্চায়নে দিতে হবে ৩৪০ টাকা
ভর্তি নিশ্চায়নের সময় বোর্ডকে মোট ৩৪০ টাকা ফি দিতে হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ফি ১০০ টাকা।
কলেজগুলোর জন্যও রয়েছে নির্দেশনা
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, বোর্ডের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) ইস্যু বা শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।
এ ছাড়া অনুমোদনহীন শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা এমপিওভুক্তি বাতিল করা হতে পারে বলে নীতিমালায় উল্লেখ রয়েছে।


















