ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগও করেছেন তিনি।
স্থানীয় সময় সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে বাঁধন অভিযোগ করেন, ভেনিসে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে পানি ও পচা ডিম নিক্ষেপ করেন। এ সময় তার ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া এবং কানের পাশে আঘাত করারও অভিযোগ করেন তিনি।
বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের প্রতি তার সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন এ ঘটনা ঘটিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে একদল ব্যক্তিকে নিজেদের ছাত্রলীগকর্মী হিসেবে পরিচয় দিতে এবং বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যায়িত করতে দেখা গেছে। ভিডিওতে তাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি এবং চড়াও হওয়ার চেষ্টার দৃশ্যও রয়েছে বলে দাবি করা হয়েছে।
ঘটনার সময় তার ভাইয়ের ছোট সন্তানও সঙ্গে ছিল বলে জানান বাঁধন। তার ভাষ্য, পরিস্থিতিতে শিশুটি ভয় পেয়ে চিৎকার করছিল।
বাঁধন আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে সম্বোধন করেন এবং জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং নিজেকে ‘জুলাইযোদ্ধা’ বলতে দ্বিধা করেন না।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাঁধন বলেন, তাকে দমানো সহজ নয়। একপর্যায়ে তার মনে হয়েছিল, তাকে মেরে ফেলা হতে পারে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তাকে লক্ষ্য করে পানি ও কোল্ডড্রিংকস ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন বাঁধন। তার অভিযোগ, সেই রাজনৈতিক অবস্থানের জেরেই ভেনিসে এ ঘটনার সূত্রপাত।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তার অভিযোগের বিষয়ে ভেনিস আওয়ামী লীগ বা ছাত্রলীগের সংশ্লিষ্ট কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া আজমেরী হক বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে


















