শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লাদাখে সিন্ধু নদের ওপর ভারতের বাঁধ, বাড়ল পানির স্তর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ

Spread the love

পাকিস্তানের সঙ্গে তীব্র কূটনৈতিক টানাপোড়েন এবং সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে চলমান অচলাবস্থার মধ্যেই লাদাখে সিন্ধু নদের ওপর একটি বাঁধ নির্মাণ করেছে ভারত। লাদাখের বৃহত্তম শহর লেহর উপসাই এলাকায় বাঁধটি নির্মাণ করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রাকৃতিক পাথরের বড় বড় বোল্ডার দিয়ে বাঁধটি নির্মাণ করা হয়েছে। এতে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। বাঁধ নির্মাণের পর ওই এলাকায় সিন্ধু নদের পানির স্তর প্রায় ১০ ফুট বেড়েছে।

পানির স্তর বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন স্থানীয় কৃষকেরা। আগে পানির সংকটের কারণে যেসব জমিতে চাষাবাদ করা সম্ভব হতো না, বাঁধের কারণে এখন সেসব জমিতেও সেচের পানি পৌঁছানো সম্ভব হচ্ছে।

লাদাখের কৃষকেরা দীর্ঘদিন ধরে সেচের পানির সংকটে ভুগছিলেন। অঞ্চলটির ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে সিন্ধু নদ একাধিক গিরিখাত দিয়ে প্রবাহিত হওয়ায় অনেক এলাকায় পানির স্তর তুলনামূলক নিচে থাকে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির স্তর এতটাই কমে যায় যে অনেক সময় পাম্প দিয়েও নদী থেকে পানি তোলা সম্ভব হয় না।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বাঁধের মাধ্যমে প্রায় ৪ কোটি লিটার পানি ধরে রাখা সম্ভব হয়েছে। পরে স্থানীয় বিভিন্ন খাল, যার মধ্যে ইগু ফে খালও রয়েছে, সেগুলোর মাধ্যমে সংরক্ষিত পানি অপেক্ষাকৃত শুষ্ক ও অনাবাদি কৃষিজমিতে পৌঁছে দেওয়া হচ্ছে।

পেহেলগাম হামলার পর বদলেছে পরিস্থিতি

২০২৫ সালের পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধুর পানি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ওই হামলার পর ভারত ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে। চুক্তিটি এখনো স্থগিত রয়েছে।

চুক্তি স্থগিত হওয়ার পর গত এক বছর ধরে সিন্ধু নদের পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। এর মধ্যেই লাদাখের ভারতীয় অংশে সিন্ধু নদের ওপর নির্মিত নতুন বাঁধটি আলোচনায় এসেছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনের দাবি অনুযায়ী, লাদাখ অঞ্চলে সিন্ধু নদের ওপর এটি প্রথম নির্মিত বাঁধ। নতুন এই অবকাঠামোর ফলে স্থানীয় কৃষিতে সুবিধা তৈরি হলেও ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধুর পানি নিয়ে চলমান বিরোধের প্রেক্ষাপটে বিষয়টি কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সর্বশেষ - অপরাধ