রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশি শান্তিরক্ষী হত্যায় জাতিসংঘের তীব্র নিন্দা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৫ ৪:০৩ পূর্বাহ্ণ

Spread the love

যুদ্ধবিধ্বস্ত সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার সুদানের মধ্যাঞ্চলীয় দক্ষিণ কোরদোফান রাজ্যের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি লজিস্টিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। নিহত ও আহত সবাই বাংলাদেশি এবং তারা ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবিয়েই (ইউএনআইএসএফএ)-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন,
“জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্য করে চালানো এই ভয়াবহ ড্রোন হামলার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের অপরাধের জন্য অবশ্যই জবাবদিহি নিশ্চিত করতে হবে।”

সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এই হামলা ‘বিদ্রোহী মিলিশিয়া ও তাদের পৃষ্ঠপোষকদের ধ্বংসাত্মক মানসিকতার বহিঃপ্রকাশ’। তবে হামলার বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিবারের পাশে সরকার থাকবে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি প্রয়োজনীয় সব জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করছে সরকার ও দেশের জনগণ। তাদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি সুদানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষা কন্টিনজেন্টকে সর্বাত্মক সহায়তা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ - অপরাধ