নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স রাজ্যে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য চুরির সময় বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে নিয়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় সংগঠনগুলো এ তথ্য জানিয়েছে।
মধ্যরাতে রিভার্স রাজ্যের ওক্রিকা স্থানীয় সরকার এলাকার ওকারি জেটিতে এ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি জাহাজে রপ্তানির জন্য পেট্রোলিয়াম পণ্য তোলা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০ জনের বেশি তরুণ কাঠের নৌকায় করে ওই এলাকায় যান।
অভিযোগ রয়েছে, তরুণেরা জাহাজে পেট্রোলিয়াম পণ্য তোলার কাজে ব্যবহৃত স্থাপনার একটি পাইপলাইনে অবৈধভাবে সংযোগ দেওয়া স্থান থেকে পণ্য চুরির চেষ্টা করছিলেন। নৌকায় করে পেট্রোলিয়াম পণ্য সংগ্রহের সময় হঠাৎ ঘন বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখানে থাকা অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন ঘটনাস্থলেই জ্ঞান হারান। আবার কয়েকজন নদীতে পড়ে যান এবং ডুবে মারা যান বলে ধারণা করা হচ্ছে। পরে নদীতে কয়েকটি মরদেহ ভাসতে দেখা যায়। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় একটি পরিবেশ ও মানবাধিকার সংগঠন।
রিভার্স রাজ্য পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে জানান, ঘটনার প্রকৃত কারণ ও পুরো পরিস্থিতি জানতে তদন্ত চলছে। দুর্ঘটনার ভয়াবহতা এবং কীভাবে এত মানুষের মৃত্যু হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার (ইয়েক-নাইজেরিয়া) একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে জানান, নিহতরা একটি পাইপলাইনে অবৈধভাবে সংযোগ স্থাপন করে পেট্রোলিয়াম পণ্য সংগ্রহের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই পাইপলাইনের মাধ্যমে ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য পণ্যবাহী জাহাজে পেট্রোলিয়াম সরবরাহ করা হয়।
তার ভাষ্য, তরুণেরা অপেক্ষমাণ নৌকাগুলোতে পেট্রোলিয়াম পণ্য তুলছিলেন। একই সময়ে পাইপলাইনের ভেতর দিয়ে উচ্চচাপে পেট্রোলিয়াম পণ্য প্রবাহিত হচ্ছিল। এ সময় সৃষ্ট বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে এসে অনেকে অসুস্থ হয়ে পড়েন। নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
রিভার্স রাজ্যের এই ঘটনা নাইজেরিয়ার তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে দীর্ঘদিনের তেল চুরি ও অবৈধভাবে পেট্রোলিয়াম সংগ্রহের ঝুঁকিকে আবারও সামনে এনেছে। অঞ্চলটিতে অপরিশোধিত তেল চুরি, অবৈধ তেল পরিশোধন এবং পেট্রোলিয়াম পণ্য পাচারের ঘটনা নিয়মিত ঘটে।
এসব কর্মকাণ্ড বন্ধে রিভার্সসহ আশপাশের রাজ্যগুলোতে নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, গত এপ্রিল মাসে তারা ১০টি অবৈধ তেল পরিশোধন কেন্দ্র ধ্বংস করেছে। এসব অভিযানে রিভার্স, ডেল্টা ও আকওয়া ইবোম রাজ্য থেকে তেল চুরির সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানগুলোতে ১ লাখ ৩০ হাজার লিটারের বেশি চুরি করা অপরিশোধিত তেল এবং যানবাহনে ব্যবহারের জন্য মজুত রাখা ২৬ হাজার লিটারের বেশি ডিজেল উদ্ধার করা হয়।
এরপর গত ২৮ আগস্ট নাইজেরিয়ার নৌবাহিনী রিভার্স রাজ্যে আরও দুটি অবৈধ তেল পরিশোধন কেন্দ্র ধ্বংস করার কথা জানায়। ওই অভিযানে অবৈধভাবে পরিশোধিত হয়েছে বলে সন্দেহ করা ৩৪ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।


















