বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। এ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
গত ২৬ আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির প্রথম দিনে আজ সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও পালন করা হবে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
এ ছাড়া আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতা এবং দেশের বরেণ্য বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশের জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন ইউনিট নিজেদের সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যান্য কর্মসূচি পালন করবে।
দলীয় নেতারা জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরা হবে।


















