বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী এমভি ওশেন উইনার নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
জাহাজটি ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার কবলে পড়ে। সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করা জাহাজটিতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল।
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে পিটিআই জানায়, গত ২০ আগস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে জাহাজটি ছেড়ে যায়। এরপর ২২ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে।
জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করেছে। উদ্ধারকারী সংস্থাগুলো নাবিকদের সন্ধানে তৎপরতা শুরু করেছে।


















