দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি বড় পাটকল নতুন করে চালু করতে প্রাণ-আরএফএল এবং হ্যামকো গ্রুপের সঙ্গে দীর্ঘমেয়াদি লিজ চুক্তি স্বাক্ষর করেছে সরকার। মঙ্গলবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)-এর সঙ্গে প্রতিষ্ঠান দুটির হস্তান্তর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী, প্রাণ-আরএফএল গ্রুপ সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস ও খুলনার স্টার জুট মিলস এবং হ্যামকো গ্রুপ খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলসের দায়িত্ব গ্রহণ করেছে। অনুষ্ঠানে বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার এবং সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর শীর্ষ প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।
বেসরকারি ব্যবস্থাপনায় চালুর পর এই তিন পাটকলে প্রায় ৬১৯ কোটি টাকা নতুন বিনিয়োগ করা হবে, যার মাধ্যমে অন্তত ১১ হাজার ৬২৯ জন কর্মক্ষম মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এসব মিলে সম্ভাব্য বার্ষিক টার্নওভার ধরা হয়েছে প্রায় ১,১৭৫ কোটি টাকা। বন্ধ থাকা মোট ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে ২০টি ইজারার মাধ্যমে চালুর সিদ্ধান্তের অংশ হিসেবে ইতোমধ্যে ১৪টি মিলের লিজ প্রক্রিয়া শেষ করে ৯টিতে উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















