কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি পরিবহনের নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ১৪টি দেশের সমন্বয়ে এক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সৌদি আরব। মূলত ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পাশাপাশি সম্প্রতি সৌদি তেলবাহী জাহাজ ও অবকাঠামোগুলোতে হামলা চালানোর দাবি করার পরেই রিয়াদ এই প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নেয়।
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরির পর আন্তর্জাতিক বাজারে সৌদি আরবের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রফতানির জন্য বাব আল-মান্দাব প্রণালিটি প্রধান বিকল্প ও স্পর্শকাতর পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত যৌথ বিবরণী অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যপথ, জ্বালানি সরবরাহ লাইন সুরক্ষিত রাখা এবং অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গঠিত এই নতুন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, সৌদি আরব, বাহরাইন, জিবুতি, মিসর, জর্দান, কুয়েত, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন অংশ নিয়েছে। রিয়াদে আয়োজিত এ সংক্রান্ত আন্তর্জাতিক বৈঠকে ৪৩টি দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল অংশ নেয়, যেখানে আরও বেশ কয়েকটি দেশ এই জোটে যোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে বলে জানানো হয়েছে।


















