কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর দিন শেষ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকারের সীমান্ত নীতি প্রসঙ্গে এই কড়া প্রতিক্রিয়া জানান। উপদেষ্টা স্পষ্ট করে বলেন, বর্তমান বাংলাদেশ কোনো ‘গোলামির বাংলাদেশ’ নয় যে সীমান্তে অন্যায় দেখে বসে থাকবে; বরং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি আরও যোগ করেন, বিগত সরকারের আমলের মতো সীমান্তে বাংলাদেশিদের হত্যা বা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো ঘটনার পুনরাবৃত্তি আর বরদাশত করা হবে না।
আঞ্চলিক রাজনীতির স্থিতিশীলতা রক্ষায় প্রতিবেশীদের সঙ্গে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি জানান, শেখ হাসিনা যেন সেখানে বসে বাংলাদেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কানি দিতে না পারেন, সে বিষয়ে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার নীতি বজায় রেখে কেন্দ্রীয় সরকারের সঙ্গেই প্রাথমিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার কথা বলেন তিনি। একই সঙ্গে তাঁর সাম্প্রতিক চীন সফরকে ‘সফল’ উল্লেখ করে তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনায় চীনের এক্সিম ব্যাংক অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে, যা দেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় বড় অগ্রগতি।



















