দেশের বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেট রুখতে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই হুঁশিয়ারি দেন। মন্ত্রী স্পষ্ট করে বলেন, কতিপয় অসাধু ব্যক্তির সিন্ডিকেটের হাতে দেশের সাধারণ মানুষকে সরকার কোনোভাবেই জিম্মি হতে দেবে না।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, এর ফলে খাদ্যপণ্যের ওপর খুব একটা প্রভাব পড়বে না। তবে মূল্যস্ফীতি ঘটলেও তার আঁচ যেন প্রান্তিক বা নিম্ন আয়ের মানুষের ওপর না পড়ে, সেজন্য সরকার সরাসরি বাজার তদারকি ও হস্তক্ষেপ করবে। তিনি সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ এবং দুই ঈদে ট্রাক সেলের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর পরিধি আরও বৃদ্ধি করা হবে।
বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, আমদানি করা নিত্যপণ্যের মজুত বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে তিনি স্বীকার করেন যে, বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের কিছুটা ঘাটতি রয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং সঠিক তথ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি সাংবাদিকদেরও সক্রিয় সহযোগিতা কামনা করেন।



















