তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পঞ্চম ‘আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম’-এ অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তুরস্কের উদ্দেশ্যে রওনা হন। ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক ফোরামে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এছাড়া ফোরামের ফাঁকে পাকিস্তান ও গাম্বিয়াসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার কথা রয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর দ্বিতীয় তুরস্ক সফর। এর আগে গত মার্চের মাঝামাঝিতে তিনি দ্বিপক্ষীয় বৈঠক ও আন্তর্জাতিক সমর্থনের লক্ষ্যে দেশটি সফর করেছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরটি বাংলাদেশের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশগ্রহণের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে বিশ্ব জনমত গঠন ও প্রচারণার সুযোগটি কাজে লাগাতে চায় ঢাকা। আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার মাধ্যমে বৈশ্বিক কূটনীতিতে দেশের অবস্থান আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।



















