দক্ষিণ লেবাননে ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার অজুহাতে আনুষ্ঠানিকভাবে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (৩ মার্চ) ভোরের দিকে বৈরুতে সিরিজ বিমান হামলার পাশাপাশি সীমান্ত পেরিয়ে স্থলপথে প্রবেশ করে দখলদার বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন যে, সীমান্তবর্তী বসতিগুলোতে গোলাবর্ষণ বন্ধের লক্ষ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্মতিতে লেবাননে অতিরিক্ত নিয়ন্ত্রণযোগ্য এলাকা দখলের নির্দেশ দেওয়া হয়েছে।
লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৫২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। বৈরুতসহ বিভিন্ন শহরে ইসরায়েলি বাহিনীর এই ত্বরিত ও আগ্রাসী অভিযানে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য পূরণে আরও নতুন নতুন অবস্থান দখলের পরিকল্পনা করছে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।


















