শহীদ শরিফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২০ ডিসেম্বর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় তার সঙ্গে আরও যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। জানাজাপূর্ব বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সমবেতদের কোনো ধরনের সহিংসতায় না জড়িয়ে শান্তিপূর্ণভাবে শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হয় ইনসাফ কায়েম হবে, না হয় তারা আরও রক্ত দিতে প্রস্তুত। দেশের সর্বস্তরের হাজারো মানুষ এই জানাজায় অংশ নিয়ে তাদের প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।



















