চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। এর মধ্যে ৮ জনকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেন।
রবিবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক জানান, বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে বার তহবিল সংলগ্ন এলাকায় অবৈধভাবে ইলিশ শিকাররত জেলেদের আটক করা হয়। এসময় প্রায় দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী। অপ্রাপ্তবয়স্ক তিন জেলেকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অভিযানে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেনসহ সদস্যরা অংশ নেন।



















