রাজধানীর মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে ঘটে এসব বিস্ফোরণ।
প্রথম ঘটনা ঘটে সন্ধ্যা ৭টার দিকে মৌচাক ফরচুন মার্কেটের সামনে। রমনা থানার তদন্ত পরিদর্শক তারেকুল ইসলাম জানান, দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরিত হলেও কেউ আহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
রাত সাড়ে ১১টার দিকে মগবাজার ফ্লাইওভারের নিচে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। রমনা থানার এসআই আব্দুল কাদের জানান, ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা ককটেল একটি রেস্টুরেন্টের সামনে বিস্ফোরিত হয়। এ ঘটনারও কোনো হতাহতের খবর নেই।
এর প্রায় আধঘণ্টা পর রাত ১২টার দিকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা শব্দ শুনলেও পুলিশ ঘটনাস্থলে কোনো আলামত পায়নি।
তিনটি ঘটনাতেই কেউ আহত না হলেও পুলিশ তদন্ত করে দায়ীদের শনাক্তের চেষ্টা করছে।



















