ভলোদিমির জেলেনস্কির জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন দীর্ঘস্থায়ী নাও হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। কাতারের দোহায় অনুষ্ঠিত এক সম্মেলনে রবিবার তিনি মন্তব্য করেন, ট্রাম্প প্রশাসনের অধীনে ইউক্রেনে সহায়তা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ট্রাম্প জুনিয়র যদিও কোনো সরকারি পদে নেই, তবু ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা) আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তার বক্তব্য ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে ইউক্রেন সরকারের প্রতি অনীহার প্রেক্ষাপট তুলে ধরেছে। বর্তমানে ট্রাম্পের মধ্যস্থতাকারী দল কিয়েভকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে।
তিনি ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত ধনী এবং যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরকেই যুদ্ধ চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন। সরাসরি জেলেনস্কিকে নিশানা করে ট্রাম্প জুনিয়র বলেন, যুদ্ধ দীর্ঘায়িত করা হচ্ছে, কারণ জেলেনস্কি জানেন শেষ হলে তিনি আর নির্বাচনে জয়ী হবেন না। তিনি আরও বলেন, বাস্তবে রাশিয়া নয়, ইউক্রেনই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ।
ট্রাম্প জুনিয়র ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অকার্যকারিতা নিয়েও সমালোচনা করেন। তার মতে, নিষেধাজ্ঞার কারণে তেলের দাম বেড়ে গেছে, যা রাশিয়ার যুদ্ধ খরচ চালাতে সাহায্য করছে। তিনি বলেন, আমরা কেবল অপেক্ষা করে থাকব রাশিয়া দেউলিয়া হবে, এটা কোনো কার্যকরী পরিকল্পনা নয়।
তিনি ২০২২ সালের নির্বাচনী প্রচারণার সময় প্রমাণ দিয়েছেন, ইউক্রেন যুদ্ধ সাধারণ ভোটারদের কাছে তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। তার চেয়ে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার নৌকার মাধ্যমে ফেন্টানিল প্রবেশের ঝুঁকি বেশি। ট্রাম্প জুনিয়র অভিযোগ করেন, গ্রীষ্মে মোনাকোতে বিলাসী গাড়ির অর্ধেক ইউক্রেনীয় নম্বর প্লেটযুক্ত ছিল।
তিনি ইঙ্গিত দেন, নির্বাচনে শান্তি আনার অঙ্গীকার থাকা সত্ত্বেও তার বাবা—ডোনাল্ড ট্রাম্প—সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। ট্রাম্প জুনিয়র বলেন, তার বাবা একজন অপ্রত্যাশিত রাজনীতিক, তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে আর অকারণে অর্থ ব্যয় করতে দেবেন না ।
সূত্র: গার্ডিয়ান



















