তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ সংবিধানের কিছু বিষয় পরিবর্তনের মাধ্যমে আনা পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ বাতিলের হাইকোর্ট রায়ের বিরুদ্ধে তিনটি আলাদা আপিলের শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। আজ কার্যতালিকার এক, দুই ও তিন নম্বর ক্রমিকে এই আপিলগুলো রাখা ছিল।
এর আগে হাইকোর্ট গত বছরের ১৭ ডিসেম্বর আলাদা দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষকে অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদকসহ চারজন ব্যক্তি আপিল করেন। তাদের আপিল কার্যতালিকার এক নম্বর ক্রমিতে রয়েছে।



















