মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই শক্তিশালী হচ্ছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপ পেরিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। বাংলাদেশে সরাসরি আঘাত হানার আশঙ্কা আপাতত কম থাকলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বিডব্লিউওটির পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ধাপে ধাপে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে এবং ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
সংস্থাটির প্রাথমিক হিসাব অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা থেকে ২৮ অক্টোবর সকালের মধ্যে ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। তবে পূর্বাভাসটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে ঘূর্ণিঝড়টির গতিপথ, শক্তি ও আঘাত হানার সময় পরিবর্তিত হতে পারে।
বাংলাদেশে ভারি বৃষ্টির আশঙ্কা
সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশে আঘাত না হানলেও এর প্রভাবে আগামী ২৭ ও ২৮ অক্টোবর থেকে ১ ও ২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি। এতে দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। এ পরিস্থিতিতে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষকদের জন্য সতর্কবার্তা
সম্ভাব্য ভারি বৃষ্টিপাতে কৃষি খাতে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ কারণে যেসব জমির ধান পেকে গেছে, সেসব জমির ধান আগামী ২৬ অক্টোবরের মধ্যে কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি শীতকালীন সবজি চাষ ও বীজতলা তৈরির পরিকল্পনা করা কৃষকদের বৃষ্টি না থামা পর্যন্ত এসব কাজ স্থগিত রাখার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।
আবহাওয়ার পরিবর্তিত পরিস্থিতিতে পরবর্তী পূর্বাভাস ও সরকারি সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।


















