শনিবার , ১০ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠান উদ্বোধন করলেন ভারতের হাইকমিশনার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার অনুষ্ঠান উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার (১০ অক্টোবর) ভোরে অনুষ্ঠান উদ্বোধনের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে মহালয়ার আয়োজনে অংশ নেন তিনি।

মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে পিতৃপক্ষ, শুরু হয়েছে দেবীপক্ষ। এর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনাও শুরু হয়েছে।

মহালয়া উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর ৬টায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার মূল আনুষ্ঠানিকতা। এরপর প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ, বিশেষ প্রার্থনা ও মহালয়ার ঘট স্থাপনের আয়োজন করা হয়।

চণ্ডীপাঠ ও প্রার্থনায় মহালয়া উদযাপন

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এদিন চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয়। একই সঙ্গে পিতৃপক্ষের অবসানে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন ধর্মাবলম্বীরা।

অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও তাঁর স্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১৬ অক্টোবর মহাষষ্ঠী, ২১ অক্টোবর বিজয়া দশমী

পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এরপর কয়েক দিন ধরে চলবে পূজার বিভিন্ন আয়োজন। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনাকে কেন্দ্র করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত