বিশ্ববাজারে ডিজেলের চড়া দাম নিয়ে শিগগিরই বড় ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে তিনি আশা প্রকাশ করেছেন, বর্তমানে প্রায় রেকর্ড পর্যায়ে থাকা ডিজেলের দাম দ্রুত উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
ট্রাম্প বলেন, ইরান যাতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর আশা, ইরানকে ঘিরে চলমান সংকটের সমাধানও খুব শিগগিরই হবে। এর ফলে জ্বালানির দাম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন তিনি।
জরুরি মজুত থেকে ডিজেল ছাড়ার চাপ
বিশ্ববাজারে ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সম্প্রতি ইউরোপীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করেছিল ট্রাম্প প্রশাসন। জরুরি মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার মাধ্যমে সরবরাহ বাড়ানো এবং দাম নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিতে দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।
জ্বালানির উচ্চমূল্য বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি করছে। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান সংকটের কারণে জ্বালানি সরবরাহ ও বাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইরান সংকটের দ্রুত সমাধান হলে জ্বালানির বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে ডিজেলের দাম কমানোর বিষয়ে তিনি কী ধরনের পদক্ষেপ বা ঘোষণা দিতে যাচ্ছেন, তা এখনো স্পষ্ট করেননি।
সূত্র: আল-জাজিরা।


















