ব্যাটারিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা দাবি জানিয়েছেন অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। দাবিগুলো বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত অটোরিকশাচালক।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে জাতীয় প্রেস ক্লাবসংলগ্ন সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরের দিকে এর প্রভাব আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।
অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার দফা দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার জন্য রুট পারমিটের ব্যবস্থা করা, চালকদের প্রশিক্ষণের আওতায় আনা, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা এবং গ্যারেজে ব্যাটারি চার্জ দেওয়ার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন বন্ধ করা।
অটোরিকশাচালকদের অভিযোগ, সড়কে অভিযান পরিচালনার নামে তাঁদের হয়রানি করা হচ্ছে। অটোরিকশা আটক করে ডাম্পিংয়ে পাঠানোর পর মামলা ও অর্থ আদায়ের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তাঁরা। এসব হয়রানি বন্ধের পাশাপাশি যেসব সড়কে অটোরিকশা চলাচলের সুযোগ রয়েছে, সেখানে নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।
অবরোধে অংশ নেওয়া অটোরিকশাচালক সজীব অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ অটোরিকশাচালকদের হয়রানি করে এবং অটোরিকশা ডাম্পিংয়ে পাঠায়। অটোরিকশা আটক করার পর ৫ হাজার টাকা করে মামলা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এসব হয়রানি বন্ধের দাবি জানান সজীব।
এদিকে অটোরিকশাচালকদের কর্মসূচির কারণে সকাল থেকেই রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশার চলাচল কম দেখা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) জাহিদুল ইসলাম বলেন, অটোরিকশাচালকদের সমাবেশকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক ছিল।


















